
রি ভোই জেলার খুয়েং গ্রামে সবসময় জলের সংকট ছিল না। মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে অবস্থিত আমাদের গ্রামে একসময় আশপাশের জলধারণ এলাকা থেকে পর্যাপ্ত জল পাওয়া যেত। তবে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জলের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য নষ্ট হয়। ধীরে ধীরে দেখা দেয় জলের সংকট।
জলধারণ এলাকার জমিগুলো ব্যক্তিমালিকানায় চলে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। ফলে সামান্য পানীয় জল ছাড়া কৃষিকাজ ও মাছচাষের জন্যও পর্যাপ্ত জল আমাদের হাতে থাকত না।
এটা ছিল আমাদের এবং আমাদের আগামী প্রজন্মের অস্তিত্বের লড়াই। আমরা বুঝতে পেরেছিলাম যে খুব দেরি হওয়ার আগে আমাদের ব্যবস্থা নিতে হবে।
2014 সালে, আমরা গ্রামবাসী, মেঘালয় রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং এই অঞ্চলে কর্মরত অলাভজনক সংস্থাগুলির সাথে একটি সমাধানে পৌঁছানোর জন্য একসঙ্গে আলোচনায় বসেছিলাম। আলোচনায় গ্রামের মানুষ তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। আলোচনা শেষে ঠিক করা হয়, যেসব জমি হাতছাড়া হয়ে গেছে, সেগুলো আমরা আবার কিনে নিয়ে নিজেদের করে নেব।
পরিকল্পনা ছিল প্রতিটি পরিবার 100 টাকা চাঁদা দেবে এবং সবাই মিলে টাকা তুলে এই উদ্যোগের জন্য তহবিল গড়া হবে। এক মাসের মধ্যে, আমরা 50,000 টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এরপর আমরা জমির মালিকদের কাছে পৌঁছে 1,000 বর্গফুট জমি তাদের কাছ থেকে কিনে নিই। তাদের খুব বেশি বোঝাতে হয়নি কারণ তারা সমস্যাটি বুঝতে পেরেছিল; তাছাড়া, তারা জীবিকা নির্বাহের জন্য ওই জমির অংশ ব্যবহার করছিল না।
কেনা জমিটুকু আমরা সংরক্ষিত বনভূমির সঙ্গে মিলিয়ে দিই এবং পুরো 2 হেক্টর এলাকাকে গ্রামের সবার যৌথ সম্পত্তি ঘোষণা করা হয়, যার দায়িত্ব থাকে গ্রাম পরিষদের হাতে। কিছুদিনের মধ্যেই এলাকাটি আবার সবুজে ভরে উঠতে থাকে। গাছপালা ফিরে আসায় জলও প্রাকৃতিকভাবেই আরও ভালোভাবে পরিশোধিত হতে শুরু করে। গ্রাম পরিষদ নিয়ম করে দেয় যে জলধারণ এলাকার আশপাশে কেউ গাছ কাটতে পারবে না, আর জলাশয়ে ক্ষতিকর রাসায়নিকও ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি, পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করা হয়, যাতে প্রতিটি বাড়িতে পরিষ্কার জল পৌঁছে যায়।
জমি পুনরুদ্ধারের এই উদ্যোগের সাফল্য আমাদের আরও উৎসাহ জোগায়। তাই 2023 সালেও আমরা একই উদ্যোগ আবার নিই। সবার কাছ থেকে আবার টাকা সংগ্রহ করা হয় এবং আরেকটি জলধারণ এলাকার কাছে থাকা 1,000 বর্গফুট জমি কিনে নেওয়া হয়।
ধীরে ধীরে, আমরা আমাদের জলের সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমরা জলধারণ এলাকাগুলির কাছে একটি বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সাথে কথা বলছি। তবে, বৃষ্টির জল সংগ্রহের জন্য আমাদের এখনও পর্যাপ্ত জলাধার নেই। আমরা আশা করি সরকার আমাদের জন্য একটি স্থায়ী বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে।
জিউইং নংপো মেঘালয়ের রি ভোই জেলার খুয়েং গ্রামের প্রধান।
স্যাম মাসারকে বলা কথার ভিত্তিতে লিখিত। স্যাম মাসার IDR নর্থ-ইস্ট ফেলো 2025–26।
—
আরও জানুন: কীভাবে আসামের একজন কৃষক একটি ফুল বাঁচানোর জন্য জঙ্গল তৈরি করছেন।
আরও করুন: লেখকের সাথে wanmi0007@gmail.com-এ যোগাযোগ করে তার কাজ সম্পর্কে আরও জানুন এবং তাকে সমর্থন করুন।